ইউরোপের অনুকরণে ভারতেও অভিন্ন চার্জার নীতি
২০২৪ সাল থেকে ইউরোপে সব ইলেকট্রনিক ডিভাইসে ইউএসবি টাইপ-সি ইউএসবি টাইপ-সি চার্জার বাধ্যতামূলক হচ্ছে। ইতিমধ্যেই এই আইন পাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। একই ধাঁচে এবার ভারতেও ইউএসবি টাইপ-সি পোর্ট নিয়ে নতুন নিয়ম আনতে চলেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
সব স্মার্ট ডিভাইসে এবার থেকে ব্যবহার হবে ইউএসবি টাইপ-সি পোর্ট। একই সঙ্গে বৈঠকে ফিচার ফোনের জন্য পৃথক চার্জিং পোর্ট নিয়েও আলোচনা হয়েছে। ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং সম্প্রতি বলেছেন, কেন্দ্রের তৈরি একটি টাস্ক ফোর্সের বৈঠকে স্টেকহোল্ডাররা এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন।
বৈঠকে চার্জারের ২টি স্ট্যান্ডার্ডের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। সব কম্প্যাটিবেল ডিভাইস ও সস্তার ফোনে কী চার্জার ব্যবহার হবে সেই বিষয় উঠে এসেছিলো। সব কনজিউমার ডিভাইসের জন্য একই ধরণের চার্জার একদিকে যেমন ব্যবহারকারীর জীবন সহজ করবে অন্যদিকে কমবে পরিবেশে ই-দূষণের মাত্রা।
২০২১ সালে প্রায় ৫০ লাখ টন ই-দূষণ করেছিলো ভারত। মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।
বিশ্বের একাধিক উন্নত দেশ ইতিমধ্যেই ইউএসবি টাইপ-সি চার্জার বাধ্যতামূলক করেছে। চলতি বছর জুনে এই বিষয়ে আইন পাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই কারণে ২০২৪ সাল থেকে আইফোনেও ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহারে বাধ্য হবে অ্যাপল।
ডিবিটেক/বিএমটি